বন্যাদুর্গত এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ শনিবার মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বন্যাকবলিত এলাকার দুর্গত জনগণের নিরাপদ আশ্রয় প্রদানের নিমিত্তে নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, শুক্রবার দেশের তিনটি নদীর পাঁচ পয়েন্টের পানি বিপৎসীমার উপরে অবস্থান করছিল। সেই পরিস্থিতি আরও অবনতি হয়েছে। শনিবার (১৮ জুন) দেশের ১১ নদীর ১৭ পয়েন্টের পানি বিপৎসীমার উপরে উঠেছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের শঙ্কা, উজানে ভারী বৃষ্টির কারণে আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, সুরমা ব্যতীত দেশের সকল প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে।