বন্যাকবলিত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও উত্তরবঙ্গে জরুরি টেলিযোগাযোগ সেবা সচল রাখতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সংযোগ স্থাপন শুরু হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ইন্টারনেটসহ নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে ভিস্যাট যন্ত্রপাতি সরবরাহ করেছে।
রোববার (১৯ জুন) দুপুরে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দপ্তরের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
বিবরণীতে জানানো হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমানের তত্ত্বাবধানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাকবলিত এলাকায় টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীকে গতকাল শনিবার ১২টি ভিস্যাট যন্ত্র হস্তান্তর করা হয়। আজ রোববার নেত্রকোনা ও উত্তরবঙ্গে ভিস্যাট হাব স্থাপন করার কথা বলা হয় বিবরণীতে।
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের দপ্তরে আরও ২৩ সেট ভিস্যাট যন্ত্রপাতি হস্তান্তরের প্রস্তুতি চলছে। ফলে, আরও ২৩টি বন্যা উপদ্রুত এলাকায় জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপন করা হবে।
এছাড়াও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বন্যাকবলিত এলাকায় নিয়োজিত সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রয়োজন অনুযায়ী আরও ভিস্যাট যন্ত্রপাতি সরবরাহ করতে সক্ষম।
ভিস্যাটের মাধ্যমে দুর্যোগকালে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিএসসিএল এরইমধ্যে একটি মনিটরিং সেল গঠন করেছে, যা মাঠ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করছে।
এদিকে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বানভাসি মানুষদের জন্য প্রত্যেক মোবাইল অপারেটরকে তিনটি করে পৃথক টোল ফ্রি (বিনা খরচে ফোন করার নম্বর) নম্বর চালু করার নির্দেশে দিয়েছেন। নির্দেশনা পেয়ে মোবাইল অপারেটররা টোল ফ্রি নম্বর চালু করেছে। টোল ফ্রি নম্বরগুলো হলো- গ্রামীণফোন: ০১৭৬৯১৭৭২৬৬, ০১৭৬৯১৭৭২৬৭, ০১৭৬৯১৭৭২৬৮ রবি: ০১৮৫২৭৮৮০০০, ০১৮৫২৭৯৮৮০০, ০১৮৫২৮০৪৪৭৭ বাংলালিংক: ০১৯৮৭৭৮১১৪৪, ০১৯৯৩৭৮১১৪৪, ০১৯৯৫৭৮১১৪৪ এবং টেলিটক: ০১৫১৩৯১৮০৯৬, ০১৫১৩৯১৮০৯৭, ০১৫১৩৯১৮০৯৮।