বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আগামী মঙ্গলবার(২১ জুন) সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন।
রোববার (১৯ জুন) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সিলেট যাবেন তা জানি। তবে এখনো সময় চূড়ান্ত হয়নি।’
সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করেছে। পাহাড়ি ঢল আর অতি ভারী বৃষ্টিতে নদনদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আরও বিস্তৃতি ঘটেছে।
পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, এটি সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা। এ অবস্থায় আক্রান্ত এলাকায় উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী। পাশাপাশি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশের বিভিন্ন ইউনিটও বন্যার্তদের উদ্ধার ও খাদ্য সহায়তায় কাজ করছে। বন্যার কারণে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।