সিলেটে বিদ্যুৎ সংকট ক্রমশই বাড়ছে। রেশনিং পদ্ধতি শুরুর দিকে এলাকাভিত্তিক দেড় ঘণ্টা লোডশেডিং করা হতো। ধাপে ধাপে ৩/৪ ঘণ্টা করে বাড়িয়ে এখন ১৩ ঘণ্টায় উন্নীত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) লোডশেডিংয়ের নতুন শিডিউল প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেট। নতুন শিডিউল অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে ১৩ ঘণ্টা লোডশেডিং করার ছক নির্ধারণ করা হয়।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিড থেকে চাহিদার বিপরীতে সরবরাহ অর্ধেকের চেয়েও কম পাওয়ায় প্রতিদিন লোডশেডিংয়ের সূচি পরিবর্তন করে বাড়াতে হচ্ছে।
সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম জানান, ডিভিশন-১ এর অধীনস্থ এলাকায় ২২টি ফিডারের আওতাধীন ৮৪টি এলাকায় চাহিদা ৪২ মেগাওয়াটের বিপরীতে ২০ মেগাওয়াট পাওয়া গেছে। আগের দিন রোববার ৪৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া গিয়েছিল ২৩ মেগাওয়াট। ফলে রেশনিং পদ্ধতিতে লোডশেডিংয়ের চাপ বাড়ছে। এ কারণে লোডশেডিংয়ের শিডিউলে পরিবর্তন আসছে।