রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রামাণিকপাড়া গ্রামে রোববার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১২ ঘণ্টায় ৫ ঘণ্টার বেশি লোডশেডিং হয়েছে।
ইকরচালী পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের দুইজন লাইনম্যান জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত ১ ঘণ্টা ৩৫ মিনিট, বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আড়াই ঘণ্টা, রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ১ ঘণ্টাসহ ১২ ঘণ্টায় ৫ ঘণ্টা ৫ মিনিট লোডশেডিং হয়েছে।
তারাগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. সামসুজ্জামান বলেন, মেইন গ্রিড থেকে ১৬ মেগাওয়াট বিদ্যুতের বিপরীতে ৫ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দিচ্ছে। এই বিদ্যুৎ দিয়ে ছয়টি ফিডার ভাগ করে চালানো হচ্ছে। তাই সারা দেশের মতো তারাগঞ্জেও লোডশেডিং চলছে।
প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিংয়ের শিডিউল থাকলেও সারা দিনে ৯-১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছেন না বলে অভিযোগ গ্রাহকের। প্রামাণিকপাড়া গ্রামের পাশে গড়ে উঠা ওকড়াবাড়ির হাটের মুদিদোকানি সাকাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাইত আটটার পর দোকান বন্ধ। তার ওপর সারা দিন কারেন্ট নাই। ব্যবসা না হইলে চলমো কেমন করি!
ইকরচালী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলী গণমাধ্যমকে বলেন, গরমে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাঁসফাঁস অবস্থা। বিদ্যুৎ থাকলে অন্তত ফ্যানের বাতাসে একটু স্বস্তিতে পাঠ কার্যক্রম চলতে পারে।