সিলেটে সেনাবাহিনীর পাশাপাশি শনিবার (১৮ জুন) থেকে নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নৌবাহিনীর ৩৫ জনের একটি ডুবুরিদল কাজ শুরু করেছে। বিকেলে ৬০ জনের আরেকটি দল সিলেটে আসবে। কোস্ট গার্ডের দুটি ক্রুজ দুপুরের পর আসবে।
একটি সুনামগঞ্জ যাবে এবং একটি সিলেটে উদ্ধারকাজে নিয়োজিত হবে। এ ছাড়া বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার উদ্ধার কাজে নিয়োজিত থাকবে। সেনাবাহিনীর সদস্যরা ‘রেসকিউ বোট’ দিয়ে গ্রামে গ্রামে পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিয়ে আসছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নৌবাহিনীর একটি দল সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে কাজ করছে এবং আরেকটি দল কোম্পানীগঞ্জের দিকে রয়েছে। এ ছাড়া সেনাবাহিনী আজ সিলেট সদর, কোম্পানীগঞ্জ এ গোয়াইনঘাটে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় বন্যার পানিতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরাও।