সিলেটে ভয়াবহ বন্যার পর রোববার (১৯ জুন) পানি কিছুটা কমেছে। সুরমা নদীর সিলেট পয়েন্টে ২৫ সেন্টিমিটার পানি কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে কুশিয়ারা নদীর পানি বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, কুশিয়ারার পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং হবিগঞ্জের নবীগঞ্জের বেশকিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।
এদিকে, সুনামগঞ্জ তৃতীয় দিনের মতো এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। সিলেটে গতকাল ছয় ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকার পর পানি সরিয়ে পুনরায় বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়।
বানভাসি মানুষ উদ্ধারে তৎপর রয়েছে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সংস্থা ও সামাজিক সংগঠন।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, সিলেটে বন্যা দুর্গত এলাকায় পানিবন্দি লোকজনকে উদ্ধারে সেনাবাহিনী ও নৌবাহিনী তৎপর রয়েছে। শুক্রবার(১৭ জুন) বিকেল থেকে সেনাবাহিনীর ১০ প্লাটুন, ৬টি মেডিকেল টিম, আজকে শনিবার(১৮ জুন) সকাল থেকে নৌবাহিনীর ৩৫ সদস্য দুটি টিমে ভাগ হয়ে কাজ শুরু করেছে।