সিলেট ও সুনামগঞ্জের বন্যার পানি সরাতে কয়েকটি সড়ক কেটে ফেলা হয়েছে।
সচিবালয়ে রোববার (১৯ জুন) আন্ত: মন্ত্রণালয় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
তাজুল বলেন, ‘কিছু রাস্তা কাটার প্রয়োজন পড়েছে বলে জানিয়েছেন মেয়র। এতে পানি সহজে নেমে যাচ্ছে। কোথাও প্রয়োজনে আরও রাস্তা কেটে ফেলা হবে।’
রাজধানীতেও বন্যা সতর্কতা আছে বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, ‘বন্যা হবে, সেই সতর্কতা আছে, কিন্তু কী অবস্থায় যাবে বা বন্যা কতটুকু হবে, সেই পূর্বাভাস কোনো প্রতিষ্ঠান এখনও দেয়নি।‘
এর আগে শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে প্রয়োজনে সড়ক কাটার নির্দেশনা দেন মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বলেছিলেন, ‘বন্যার পানি অপসারণের জন্য কোথাও কোনো রাস্তা বাধা হয়ে দাঁড়ালে তা কেটে দেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে সে অনুযায়ী নির্দেশনা দেয়া হয়েছে।‘